এবার একাদশে ভর্তিতে শুরু থেকেই নানা অসঙ্গতি দেখা গেছে। প্রথমে লিঙ্গ অপশন নিয়ে জটিলতা এবং পরে আবার পেমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা দেয়। এসব ছাপিয়ে এবার প্রতারণার শিকার হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের তথ্য চুরি করে অনুমতি না নিয়ে অন্য ব্যক্তি আবেদন করছে- এমটাই জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই প্রতারণার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে কমিটি।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যাতীত অনলাইনে ভর্তির আবেদন করছে।
শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সতর্ক করা যাচ্ছে।
উল্লেখ্য, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণায় জড়িত এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল বা সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে।